আমাদের উপমহাদেশে দর তফসিল প্রণয়নের রীতি বেশ পুরানো। ব্রিটিশ আমলে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) এর জন্য দুটি কোড প্রণয়ন করা হয়ঃ Central Public Works Account Code (পিডব্লিউ এ-কোড) এবং Central Public Works Department Code (পিডব্লিউ ডি-কোড)। এ-কোড অর্থ একাউন্ট কোড যা হিসাব রক্ষণাবেক্ষণ এর পদ্ধতি হিসাবে ব্যবহৃত হতো। আর ডি-কোড মানে হলো ডিপার্টমেন্টাল কোড যা পিডব্লিউডি এর প্রকৌশল ও সার্বিক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হতো। এই পিডব্লিউ এ-কোড এর প্যারাগ্রাফ নং ২৯৬ এ Schedule of Rates অর্থাৎ দর তফসিল প্রণয়নের জন্য বলা হয়েছে।
Paragraph 296 of CPWA code: "To facilitate the preparation of estimates, as also to serve as a guide in settling rates in connection with contact agreements, a Schedule of Rates for each kind of work commonly executed should be maintained in the division and kept up to date. It should be prepared on the basis of the rates prevailing in each locality and necessary analysis of the rates for each description of work and for the varying conditions thereof should, so far as may be practicable, be recorded.
The rates entered in estimates should generally agree with the scheduled rates but where, from any cause, the latter are not considered sufficient, the deviation should be explained in detail in the report on the estimate."
উক্ত প্যারা অনুযায়ী প্রত্যেক বিভাগীয় দপ্তরে স্থানীয় বাজার দর অনুযায়ী দর তফসিল প্রণয়ন করতে হবে। তবে বর্তমানে গণপূর্ত অধিদপ্তরসহ অন্যান্য দপ্তর হতে কেন্দ্রীয়ভাবে দর তফসিল প্রনয়ন করা হয়। বিভিন্ন দপ্তরে একই আইটেমের ভিন্ন ভিন্ন দর প্রস্তাব করার কারনে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় ও বিতর্ক সৃষ্টি হয়। সম্প্রতি অর্থ মন্ত্রনালয় দর তফসিল অনুমোদনের দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেছে। প্রথমে গণপূর্ত অধিদপ্তর এর দর তফসিল অনুমোদন করা হয়। অন্যান্য দপ্তরগুলো তাদের দর তফসিলে শুধু ওইসব আইটেম অন্তর্ভূক্ত করে যেগুলো গণপূর্ত অধিদপ্তরের তফসিলে নেই। এতে করে একই আইটেমের দ্বৈত দর এড়ানো গেছে।
বাংলাদেশের পিপিআর ২০০৮ এ বাজার দর এর ভিত্তিতে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রনয়নের জন্য বলা হয়েছে, কিন্তু দর তফসিল এর উল্লেখ নেই। তবে দর তফসিল এর ব্যবহার থেমে থাকেনি। মূলতঃ প্রক্কলন তৈরির কাজ সহজ ও দ্রুত করার জন্যই দর তফসিল ব্যবহার করা হয়ে থাকে। পিপিআর ২০০৮ চালু হওয়ার পরে সেই অর্থে দর তফসিল এর আইনী ভিত্তি ছিল না, বরং দীর্ঘ দিনের প্রচলিত রীতি অনুযায়ী এর ব্যবহার চলতে থাকে। এভাবেই চলছিল ২০২৫ সাল পর্যন্ত।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পিপিআর ২০০৮ বাতিল করে পিপিআর ২০২৫ জারী করা হয়। নতুন পিপিআর ২০২৫ এ দর তফসিল-কে পুনরায় স্বকৃতি দেয়া হয় এবং বিধি ৯(২) মোতাবেক দর তফসিলের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
===================================================
বাংলাদেশে বর্তমানে গণপূর্ত অধিদপ্তর (PWD), এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড (BWDB), সড়ক ও জনপথ (RHD) দর তফসিল (SOR) প্রণয়ন করে থাকে। এই সংস্থাগুলো তাদের নিজস্ব তফসিল দুই থেকে তিন বছর অন্তর হালনাগাদ করে। নিচে ব্যবস্থাটির সুবিধা ও অসুবিধা আলাদা করে বিশ্লেষণ করা হলোঃ
দর তফসিল ব্যবহারের সুবিধাসমূহঃ
১. প্রমিতকরণ ও অভিন্নতা - সব দপ্তর একই দর ভিত্তি ধরে প্রাক্কলন করেন। ফলে একই ধরনের কাজের প্রাক্কলনে ব্যক্তিভেদে বড় পার্থক্য কমে যায়।
২. সময় ও শ্রম সাশ্রয় - প্রতিটি কাজের জন্য আলাদা করে বাজারদর যাচাই করতে হয় না। বিশেষ করে সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট প্রকল্পে এটি প্রশাসনিক কাজ অনেক সহজ করে।
৩. স্বচ্ছতা ও জবাবদিহি - দর তফসিল সকলের জন্য প্রকাশিত থাকায় অডিট, তদারকি ও দুর্নীতি দমন কমিশনের পর্যালোচনায় প্রাক্কলনের ভিত্তি যাচাই করা সহজ হয়। প্রকৌশলীর ইচ্ছামতো দর বসানোর সুযোগ সীমিত থাকে।
৪. ব্যক্তিগত বিবেচনা ও প্রভাব হ্রাস - সরবরাহকারী বা ঠিকাদারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে দর প্রভাবিত করার ঝুঁকি কমে।
৫. তুলনার ভিত্তি তৈরি - দরপত্রের মূল্যায়নে প্রাক্কলিত ব্যয়ের সঙ্গে দাখিল করা দরের তুলনা করে অস্বাভাবিক কম বা বেশি দর শনাক্ত করা যায়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার (PPR) আওতায় এটি দর মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
৬. বাজেট প্রণয়নে সুবিধা - প্রকল্প প্রস্তাব তৈরি, অর্থ বরাদ্দ ও পরিকল্পনার সময় দ্রুত ও গ্রহণযোগ্য ব্যয় প্রাক্কলন সম্ভব হয়।
৭. নতুন দরের ভিত্তি- দর তফসিলে সাধারণত উপকরণ, শ্রম, যন্ত্রপাতি, ওভারহেড ও মুনাফা অন্তর্ভুক্ত করে আইটেমভিত্তিক বিশ্লেষিত দর থাকে। উক্ত উপকরণসমূহের একক দর নতুন কোনো আইটেমের দর নির্নয়ের জন্য ভিত্তি হিসাবে ব্যবহার করা যায়।
দর তফসিল ব্যবহারের অসুবিধাসমূহঃ
১. বাজারদরের সঙ্গে ব্যবধান
দর তফসিল নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়, কিন্তু উচ্চ মূল্যস্ফীতি বা আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারনে বিভিন্ন আইটেমের দর দ্রুত ওঠানামা করে। এটাই দর তফসিল ব্যবহারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা।
২. অবাস্তব প্রাক্কলন ও দরপত্র-সংক্রান্ত সমস্যা
প্রাক্কলন বাজারদরের চেয়ে কম হলে অভিজ্ঞ ও যোগ্য ঠিকাদাররা দরপত্রে অংশ নিতে অনাগ্রহী হন না। এতে প্রতিযোগিতা কমে, কাজের মান ঝুঁকিতে পড়ে, কাজ অসম্পূর্ণ থাকে বা সময় বেড়ে যায়। উল্টোদিকে প্রাক্কলন বেশি হলে সরকারি অর্থের অপচয়র সম্ভাবনা থাকে।
৩. আঞ্চলিক পার্থক্যের অপর্যাপ্ত প্রতিফলন
দুর্গম অঞ্চল, পাহাড়ি এলাকা, হাওর, চর ও উপকূলে পরিবহন ও শ্রমের ব্যয় অনেক বেশি। ঢাকা বা বিভাগীয় শহরভিত্তিক দর এসব এলাকায় প্রযোজ্য হলে প্রাক্কলন বাস্তবসম্মত হয় না। কোন কোন দর তফসিলে অঞ্চলভিত্তিক সমন্বয়ের ব্যবস্থা থাকলেও তা সব ক্ষেত্রে যথেষ্ট নয়।
৪. হালনাগাদে বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা
তফসিল প্রণয়ন, যাচাই ও অনুমোদনে অনেক সময় লাগে। তাই অনেক দিন পর পর এটি আপডেট করা হয়। এমনকি দীর্ঘ প্রক্রিয়ার কারণে, প্রকাশের দিনেই এটা বাজারদরের সঙ্গে অনেকটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যেতে পারে।
৫. নতুন প্রযুক্তি ও আইটেমের অভাব
একটি দর তফসিল প্রকাশের পর যে সব আধুনিক নির্মাণ সামগ্রী, বিশেষায়িত যন্ত্রপাতি বাজারে আসে তা বিদ্যমান দর তফসিলে না থাকায় প্রকৌশলীগণ কিছুটা পূরানো নির্মাণ উপকরন ও পদ্ধতি ব্যবহারে উতসাহিত হতে পারেন।
৬. পরিমাণ ও কাজের প্রকৃতির বৈচিত্র্য উপেক্ষা
কাজের আকার, জটিলতা, সাইটের অবস্থা বা সময়সীমা ভেদে প্রকৃত ব্যয় ভিন্ন হয়। একটি প্রমিত দর তফসিল সব পরিস্থিতিতে সমানভাবে প্রযোজ্য না।
৭. দক্ষতা ও উদ্ভাবনের প্রণোদনা কম
প্রকৌশলীরা তফসিল যান্ত্রিকভাবে অনুসরণ করতে অভ্যস্ত হয়ে পড়েন, ফলে বাজার বিশ্লেষণ ও ব্যয়-সাশ্রয়ী বিকল্প খোঁজার প্রবণতা কমে যায়।
৮. সিন্ডিকেট ও দর কারসাজির ঝুঁকি
তফসিল প্রকাশ্য হওয়ায় ঠিকাদাররা প্রাক্কলনের কাছাকাছি দর দিতে সমঝোতা করতে পারেন। এতে প্রকৃত প্রতিযোগিতামূলক দর বোঝা যায় না।
৯. সংস্থাভেদে অসামঞ্জস্য
পিডব্লিউডি, এলজিইডি, আরএইচডি, পাউবো প্রভৃতির তফসিল আলাদা। একই কাজের দরে সংস্থাভেদে পার্থক্য থাকতে পারে, যা সমন্বয়হীনতা ও বিতর্ক তৈরি করে। তবে বর্তমানে অর্থ বিভাগের উদ্যোগে এ সমস্যা অনেকটা দূর করা হয়েছে।
১০. সরবরাহ ও শ্রমের গুণগত পার্থক্য উপেক্ষিত
উপকরণের গুনগত মান, শ্রমিকের দক্ষতা ও উৎপাদনশীলতার পার্থক্য তফসিলে পুরোপুরি প্রতিফলিত হয় না। কায়িক শ্রম নির্ভর ছোট একটি ভবন নির্মান এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সুউচ্চ ভবন নির্মান - এই দুয়ের দর একই মাপকাঠিতে বিশ্লেষন করা যায় না।
প্রতিকারের সম্ভাব্য উপায়সমূহঃ
- ঘন ঘন হালনাগাদ: বছরে অন্তত একবার দর তফসিল হালনাগাদ করতে হবে। উচ্চ মূল্যস্ফীতির সময় আরও ঘন ঘন করা যেতে পারে।
- সূচকভিত্তিক দর সমন্বয় (price adjustment): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং অনুরুপ প্রতিষ্ঠান হতে প্রকাশিত মূল্য সুচক ব্যবহার করে প্রধান উপকরণসমূহের দর সমন্বয় করা যায়। এতে প্রনীত দাপ্তরিক প্রক্কলন বর্তমান বাজার দরের সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হবে।
- বাধ্যতামূলক বাজারদর যাচাই : দর তফসিল বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি (Specification and Estimate Committee) এর জন্য একটি গাইডলাইন হিসাবে থাকতে পারে। পাশাপাশি বড় ও বিশেষায়িত প্রকল্পে চলতি বাজারদর যাচাই বাধ্যতামূলক করা উচিৎ।
- স্থানগত পার্থক্য: দুর্গম এলাকার জন্য পরিবহন ও শ্রম ব্যয় বিবেচনায় নিয়ে আলাদা ব্যয় প্রাক্কলনে যোগ করার বিধান রাখা যেতে পারে। এক্ষেত্রে এমনকি উপজেলা ভিত্তিক দর নির্ধারণ যথেষ্ট নয়। কারণ উপজেলা সদর এবং একই উপজেলার একটি দুর্গম স্থানে ব্যয় সমান হবে না।
- ডিজিটাল দর তফসিল: বিভিন্ন সোর্স থেকে ডাটা নিয়ে প্রতিনিয়ত অটোমেটিক আপডেট হবে এরুপ একটি কেন্দ্রীয় অভিন্ন ডিজিটাল দর তফসিল তৈরি করা যেতে পারে।
- সংস্থাগুলোর মধ্যে সমন্বয়: অভিন্ন আইটেমের জন্য বিভিন্ন সংস্থার স্পেসিফিকেশন ও দরে সামঞ্জস্য থাকা আবশ্যক।
উপসংহার
দর তফসিল প্রমিতকরণ স্বচ্ছতা ও প্রশাসনিক সুবিধার জন্য একটি কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা। তবে এর কার্যকারিতা নির্ভর করে তফসিল কতটা হালনাগাদ ও বাস্তবভিত্তিক তার ওপর। পুরোনো বা অবাস্তব তফসিল প্রতিযোগিতা কমায়, কাজের মান ক্ষুণ্ণ করে এবং সরকারি অর্থের অপচয় ঘটায়। তাই দর তফসিলকে একমাত্র ভিত্তি না ধরে নিয়মিত হালনাগাদকরন, সূচকভিত্তিক সমন্বয় ও বাজার যাচাইয়ের সঙ্গে মিলিয়ে ব্যবহার করাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ পথ।

No comments:
Post a Comment