Sunday, 22 November 2026

পিপিআর ২০২৫ অনুযায়ী ক্রয় কমিটিসমূহ

 পিপিআর ২০২৫ অনুযায়ী বিভিন্ন ক্রয় কমিটিসমূহ

 

 পিপিআর ২০২৫ এ বিভিন্ন উদ্দেশ্যে অনেকগুলো কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। এই কমিটিগুলোকে একত্রে ক্রয় কমিটি নামে অভিহিত করা হয়েছে। বিধি ৯ হতে বিধি ১৮ এ এই কিমিটিগুলোর গঠন প্রক্রিয়া এবং কার্যাবলী সম্পর্কে উল্লেখ রয়েছে। নিম্নে কমিটিগুলো সংক্ষেপে আলোচনা করা হলোঃ

১) বিনির্দেশ ও প্রাক্কলন কমিটিঃ বিধি ৯ মোতাবেক ক্রয়কারী  দরপত্র বা প্রস্তাব আহ্বানের পূর্বে একটি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি গঠন করবে। উক্ত কমিটি পণ্য, কার্য, ও ভৌতসেবা ক্রয়ের জন্য কারিগরি বা কার্যসম্পাদন বিনির্দেশ এবং বুদ্ধিবৃত্তিক ও পেশাগতসেবা ক্রয়ের জন্য কর্মপরিধি (TOR) প্রণয়ন করিবে এবং অতপর বাজার দর যাচাই বা অনুমোদিত দর তফসিল মোতাবেক দাপ্তরিক ব্যয় প্রাক্কলন প্রণয়ন করবে।
২) উন্মুক্তকরণ কমিটিঃ বিধি ১০ অনুযায়ী ইজিপি দরপত্রের ক্ষেত্রে কোনো 
উন্মুক্তকরণ কমিটি প্রয়োজন নেই। তবে অফ-লাইন দরপত্রের ক্ষেত্রে ৩ সদস্যের উন্মুক্তকরণ কমিটি গঠন করতে হবে। 

৩) মূল্যায়ন কমিটিঃ বিধি ১১ অনুযায়ী তফসিল-২-এ প্রদত্ত নির্দেশনা অনুসারে দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন কমিটি গঠন করতে হবে। সাধারণত অনুমোদনকারী কর্তৃপক্ষ মূল্যায়ন কমিটি গঠন করবে। তবে যদি পরিচালনা পর্ষদ বা মন্ত্রণালয় অনুমোদনকারী কর্তৃপক্ষ হয় বা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশকারী কর্তৃপক্ষ
হয়, সেক্ষেত্রে পরিচালনা পর্ষদের সভাপতি বা মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদনক্রমে মূল্যায়ন কমিটি গঠন করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি হিসাবে বিবেচিত হয়ে থাকে। 

৪) তালিকাভুক্তিকরণ কমিটিঃ ক্রয়কারী বিশেষ ক্রয় পদ্ধতি (যেমনঃ সীমিত দরপত্র পদ্ধতি) প্রয়োগের উদ্দেশ্যে সম্ভাব্য দরদাতাগণের তালিকা প্রণয়নের লক্ষ্যে বিধি ১৪ অনুযায়ী কমপক্ষে ৩ সদস্যের তালিকাভুক্তিকরণ কমিটি গঠন করবে। 

৫)  ভেরিয়েশন প্রতিপাদন কমিটি (Variation Assessment Committee): বিধি ১৫ অনুযায়ী, ক্রয়কারীর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বহির্ভূত কোনো সংস্থার ন্যূনতম ১ জন সদস্যসহ অনধিক ৩ জন সদস্য সমন্বয়ে  ভেরিয়েশন প্রতিপাদন কমিটি গঠন করতে হবে। এই কমিটি ভেরিয়েশন প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষাপূর্বক ইহার পরিপ্রেক্ষিত ও ভেরিয়েশন মূল্যের যথার্থতা প্রতিপাদন করবে। এটি একটি নতুন কমিটি যা পিপিআর ২০০৮ এ ছিল না। এর ফলে ভেরিয়েশন অনুমোদনের ক্ষেত্রে আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত হবে। 

৬) কারিগরি পরীক্ষণ ও গ্রহণ কমিটি (Technical Examination and Acceptance Committee): বিধি ১৬ অনুযায়ী পণ্য চুক্তির আওতায় সরবরাহকৃত পণ্যের কারিগরি মান পরীক্ষার নিমিত্ত বিনির্দেশ ও প্রাক্কলন কমিটির ন্যূনতম ১ জন সদস্যসহ, অনধিক ৩ জন সদস্য সমন্বয়ে কারিগরি পরিদর্শন ও গ্রহণ কমিটি গঠন করতে হবে। 

৭) চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি (Contract Termination Review Committee): 
বিধি ১৭ অনুযায়ী অনধিক ০৩ (তিন)
সদস্যবিশিষ্ট চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি গঠন করতে হবে। এই কমিটি চুক্তি বাতিলের বিষয়ে সুপারিশ প্রদান করবে। 
এটি একটি নতুন কমিটি যা পিপিআর ২০০৮ এ ছিল না। এর ফলে চুক্তি বাতিলের ক্ষেত্রে আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত হবে। 

 ৮)  বারিতকরণ প্রস্তাব পর্যালোচনা কমিটি (Debarment review committee): বিধি ১৮ অনুযায়ী অনধিক ০৩ (তিন)
সদস্যবিশিষ্ট চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি গঠন করতে হবে। 
এই কমিটি কোনো ঠিকাদারকে বারিতকরনের বিষয়ে সুপারিশ প্রদান করবে। এটি একটি নতুন কমিটি যা পিপিআর ২০০৮ এ ছিল না। এর ফলে কোনো ঠিকাদারকে বারিতকরনের ক্ষেত্রে আরো বেশি জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত হবে। 

 
পাবলিক প্রকিউরমেন্ট স্বচ্ছ ও সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য উপরোক্ত কমিটিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 





Friday, 20 November 2026

প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৬ এর মূল পরিবর্তনগুলো

 

প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৬-এ বর্তমানে চালুল পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর তুলনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। প্রধান পরিবর্তনগুলোর সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:

  • নতুন সংজ্ঞা:

    • সুযোগবঞ্চিত ব্যক্তি (Disadvantaged Person): বিগত অনধিক ২০ বছরের মধ্যে বৈধ সনদ থাকা সত্ত্বেও অনুকূল পরিবেশের অভাবে সরকারি ক্রয়ে অংশ নিতে না পারা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে সংজ্ঞায়িত করা হয়েছে। [প্রস্তাবিত  বিধি ২(৬২)]
    • টেকসই সরকারি ক্রয় (Sustainable Public Procurement): পরিবেশ রক্ষা, সামাজিক অগ্রগতি, শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশুশ্রম নিষিদ্ধকরণের বিষয়গুলোকে সরকারি ক্রয়ের অন্যতম বিচার্য উপাদান করা হয়েছে।
  • প্রাক-ক্রয় বাজার সম্পৃক্ততা (Early Market Engagement):

    • উপযুক্ত ক্রয়কৌশল প্রণয়ন এবং বাজার পরিস্থিতি অনুধাবনের জন্য ন্যূনতম ১৪ দিনের বিজ্ঞপ্তি প্রদানপূর্বক ইকোনমিক অপারেটরদের অংশগ্রহণে প্রাক-ক্রয় সভা (Pre-procurement Conference) এবং প্রারম্ভিক বাজার সম্পৃক্ততার নতুন বিধান যুক্ত করা হয়েছে।  [প্রস্তাবিত  বিধি ২৪(২)]
  • সামাজিক ক্রয় ক্যাটাগরি (Social Procurement Category):

    • অতিক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান, নারী মালিকানাধীন ব্যবসা, নতুন উদ্যোক্তা এবং সুযোগবঞ্চিত ব্যক্তিদের সরকারি ক্রয়ে কার্যকর অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতিতে (LTM) "সামাজিক ক্রয় ক্যাটাগরি" শিরোনামে পৃথক তালিকা সংরক্ষণের বাধ্যবাধকতা রাখা হয়েছে।   [প্রস্তাবিত  বিধি ৮২(১)(ঙ) এবং বিধি ৮২(৩)]
  • অনুপাতভিত্তিক দরপত্র মূল্যায়ন (Ratio-based Evaluation):

    • উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কারিগরি ও আর্থিক প্রস্তাব মূল্যায়নের জন্য অনুপাতভিত্তিক দরপত্র মূল্যায়ন (Ratio-based Evaluation) ব্যবস্থা স্পষ্ট করা হয়েছে; যেখানে পণ্যের গুণগত মান ও টেকসই উপাদানের জন্য সাধারণত ৮০% এবং আর্থিক প্রস্তাবের জন্য ২০% নম্বর বণ্টন করে সম্মিলিত স্কোরের ভিত্তিতে বিজয়ী নির্ধারণের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এটা অনেকটা পেশাগত সেবা ক্রয়ের Quality and Cost Based Selection (QCBS) পদ্ধতির মতোই। [প্রস্তাবিত  বিধি ৮০(৬)-(১৩)]
  • ই-সিএমএস (e-CMS) ও আইবাস++ (iBAS++) সংযুক্তি:

    • ই-জিপি (e-GP) পোর্টালের আওতায় ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা e-CMS মডিউল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং অর্থ বিভাগের সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি iBAS++ এর সাথে ইন্টিগ্রেশনের বিধান আনা হয়েছে।  [প্রস্তাবিত  বিধি ১৫০(২)]
  • ডিবারমেন্ট ও আপিল বোর্ড (Debarment Review Board):

    • সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম বা চক্রান্তমূলক কর্মকাণ্ডের কারণে কোনো সত্তাকে অনধিক ৩ বছরের জন্য ক্রয়ে অংশগ্রহণে অযোগ্য (Debarment) ঘোষণার নিয়ম এবং সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের জন্য ডিবারমেন্ট রিভিউ বোর্ড গঠন ও আপিল প্রক্রিয়া সুনির্দিষ্ট করা হয়েছে।  [প্রস্তাবিত  বিধি ১৪৯(৯)]
  • নমুনা বিনির্দেশ তৈরি:

    • বিপিপিএ বহুল ব্যবহৃত পণ্যের নমুনা বিনির্দেশ (Model Specification) তৈরি করবে ও ক্রয়সংক্রান্ত সাধারণ পরিভাষা (Common Procurement Vocabulary - CPV) সংকলন করবে।  [প্রস্তাবিত  বিধি ১৫৩(৩)]

Thursday, 18 December 2025

বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি (Specification and Estimate Committee)

পিপিআর - ২০২৫ এর বিধি-৯ অনুযায়ী ক্রয়কারীকে "বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি" গঠন করতে হবে। দরপত্র বা প্রস্তাব আহ্বানের পূর্বে উন্নয়ন ও পরিচালন উভয় ধরনের বাজেটের আওতায় ক্রয় সম্পাদনের জন্য এই বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি গঠন করা বাধ্যতামূলক। ক্রয়কারী তফসিল-২ এ উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে একটি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি গঠন করিবে। তফসিল-২ মতে ক্রয়কারী নিজ দপ্তর কিংবা অন্য দপ্তর হতে ন্যুনতম ৩ জন, সর্বোচ্চ ৫ জন সদস্য সমন্বয়ে এই কমিটি গঠন করতে পারবে। লক্ষ্যনীয় যে, বহিঃ সদস্য বাধ্যতামূলক নয়, একইভাবে  নিজ দপ্তর হতে সদস্য নেয়াও বাধ্যতামূলক নয়। 

বিধি ৯(২) এর বিধানমতে, বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি পণ্য, কার্য, ও ভৌতসেবা ক্রয়ের জন্য কারিগরি বিনির্দেশ (Technical Specification) বা কার্যসম্পাদন বিনির্দেশ (Performance Specification) প্রস্তুত করবে। বুদ্ধিবৃত্তিক ও পেশাগতসেবা ক্রয়ের জন্য এই কমিতি কর্মপরিধি (Terms of Reference, TOR) প্রণয়ন করিবে। 

অতপরঃ বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি বাজার দর (Market Price) যাচাই এবং/অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত দর তফসিল (Schedule of Rates) মোতাবেক দাপ্তরিক ব্যয়প্রাক্কলন (Official Cost Estimate) প্রণয়ন করবে। [বিধি ৯(২)]

কাজেই দেখা যাচ্ছে যে, এই কমিটি ক্রয় প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়িত্বপ্রাপ্তঃ (১) বিনির্দেশ প্রস্তুতকরন, ও (২) দাপ্তরিক ব্যয়প্রাক্কলন প্রণয়ন।  কাজের গুরুত্ব অনুধাবন করে বিধি ১৯ এ এই কমিটির জন্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। সদস্যগণ সর্বনিম্ন সভা প্রতি ১০০০ এবং সর্বোচ্চ সভা প্রতি ৫০০০ টাকা সম্মানী প্রাপ্ত হবেন। দশ কোটি টাকার উর্ধ্বের ক্রয়ের জন্য সর্বোচ্চ ৩টি সভার জন্য এবং দশ কোটি টাকা পর্যন্ত ক্রয়ের জন্য সর্বোচ্চ ২টি সভার জন্য সম্মানী প্রাপ্য। 

বিশেষভাবে লক্ষ্যনীয় যে, এই প্রথম  দর তফসিলকে স্বীকৃতি দেয়া হয়েছে। ইতোঃপূর্বে পিপিআর - ২০০৮ এ শুধু বাজার দর অনুযায়ী ব্যয়প্রাক্কলন তৈরির বিধান ছিল। দর তফসিলে উল্লিখিত বিভিন্ন আইটেমের দর অনেক সময় বাজার দর হতে অনেক কম/বেশি হয়ে থাকে। সে প্রক্ষিতে দর তফসিল এর ব্যবহার ক্রয় প্রক্রিয়া সহজ করবে নাকি আরো জটিলতা তৈরি করবে তা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। উল্লেখ্য যে, বর্তমানে বিভিন্ন দপ্তরের দর তফসিল অর্থ মন্ত্রনালয় হতে অনুমোন দেয়া হয়।  




Saturday, 6 December 2025

পিপিআর ২০২৫ অনুযায়ী ইকনোমিক অপারেটর বলতে কি বুঝায়?

"ইকনোমিক অপারেটর" কারা?

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এ "ইকনোমিক অপারেটর" নামে নতুন একটি পরিভাষা যোগ করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি ২ এর উপবিধি ৭ - এ "ইকনোমিক অপারেটর"-কে সংজ্ঞায়িত করা হয়েছে। পিপিআর ২০২৫ অনুযায়ী ইকনোমিক অপারেটর হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা সরকারি অর্থে পরিচালিত কোনো ক্রয়ে কার্য সম্পাদন, পণ্য সরবরাহ কিংবা সেবা প্রদান করতে কোনো ক্রায়কারীর সাথে চুক্তিবদ্ধ রয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কার্য ঠিকাদার (Contractor), পণ্য সরবরাহকারী (Supplier), ভৌত সেবা প্রদানকারী (Service provider) এবং পরামর্শক প্রতিষ্ঠান (Consultant) কিংবা ব্যাক্তি পরামর্শক (Individual Consultant)। এদের সকলকে সম্মিলিতভাবে বুঝানোর জন্য "ইকনোমিক অপারেটর" এর ধারনাটি আনা হয়েছে। এতে আইনের ভাষা অনেক সহজ ও বোধ্যগম্য হয়েছে। 

পিপিআর ২০২৫ এর পরিভাষা অনুযায়ী কার্য চুক্তি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে 'ঠিকাদার' নামে অভিহিত করা হয়, পণ্য সরবারাহ চুক্তি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে 'সরবরাহকারী' নামে অভিহিত করা হয়। অন্য দিকে ভৌত সেবা চুক্তিতে নিয়োজিত প্রতিষ্ঠানকে 'সেবা প্রদানকারী' আর বুদ্ধিবৃত্তিক সেবা প্রদানকারীকে 'পরামর্শক' নামে অভিহিত করা হয়। কিন্তু সেসব বিধি এই চার শ্রেনীর প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য, সেক্ষেত্রে পিপিআর ২০০৮-এ প্রতিবার তাদের সকলকে 'অথবা' দ্বারা যুক্ত করে উল্লেখ করা হয়েছে। এতে ওই বিধিগুলো একটু জটিল হয়েছে। ঐ বিধিগুলোকে সহজ পাঠ্য করা ও বিধির ভাষা সংক্ষিপ্ত রাখার লক্ষ্যে "ইকনোমিক অপারেটর" নামে নতুন এই পরিভাষাটি পিপিআর ২০২৫ -এ যোগ করা হয়েছে। এটি একটি আধুনিক ধারনা।  

 

Thursday, 4 December 2025

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এ নতুন সংযোজনসমূহ

 পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ বিগত ২৮ সেপ্টেম্বর ২০২৫ জারী করা হয়েছে যা "পিপিআর ২০২৫" নামে পরিচিতি পেয়েছে। নতুন পিপিআর ২০২৫ এ বেশ কিছু নতুন সংযোজন রয়েছে। নীচে কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোজন আলোচনা করা হলোঃ

১) ইকনোমিক অপারেটর - পিপিআর ২০২৫ অনুযায়ী ইকনোমিক অপারেটর হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা সরকারি ক্রয়ে পণ্য, কাজ বা সেবা প্রদান করতে কোনো ক্রায়কারীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কার্য ঠিকাদার, পণ্য সরবরাহকারী, ভৌত সেবা প্রদানকারী এবং পরামর্শক। এদের সকলকে একত্রে বুঝানোর জন্য "ইকনোমিক অপারেটর" এর ধারনাটি আনা হয়েছে। এতে আইনের ভাষা অনেক সহজ ও বোধ্যগম্য হয়েছে। বিধি ২(৭) এ "ইকনোমিক অপারেটর" সংজ্ঞায়িত করা হয়েছে। 

২)  ভৌত সেবা: ভৌত সেবাকে নতুন প্রকিউরমেন্ট ধরন (Category) হিসাবে বিবেচনা করে এই ধরনের ঠিকাদারকে “সেবা প্রদানকারী” হিসাবে বিধি ২(৬৩) – এ সংজ্ঞায়িত করা হয়েছে। কাজেই পিপিআর ২০২৫ এ চার ধরনের প্রকিউরমেন্ট রয়েছে, যথাঃ কার্য, পণ্য, ভৌত সেবা এবং পরমর্শাক সেবা। পিপিআর ২০০৮ এ তিনটি ক্যাটাগরী ছিলঃ কার্য, পণ্য এবং পরমর্শাক সেবা।

৩)  ক্রয়কৌশলঃ বিধি ২৪ এ ক্রয় পরিকল্পনার (Procurement Plan) পাশাপাশি ক্রয়কৌশল (Procurement Strategy) প্রণয়ন করার বিধান করা হয়েছে। ক্রয়কৌশল প্রনয়নের অংশ হিসেবে প্রাকক্রয় সভা (Pre-procurement conference) আয়োজন করার জন্য বলা হয়েছে। 

৪)  বিপরীত নিলাম (Reverse auction): বিধি ৯৫ ও ৯৬ এ  বিপরীত নিলামের মাধ্যমে প্রমিত পণ্য ক্রয় করার ব্যবস্থা করা হয়েছে। তবে বিপরীত নিলাম পদ্ধতিতে শুধু ইলেক্ট্রনিক প্লাটফর্ম ব্যবহার করে ক্রয় করা যাবে। 

৫) উল্লেখযোগ্যভাবে কমমূল্যের দরপত্র (Significantly Low-priced Tender, SLT) - এটা সম্পূর্ণ নতুন ধারনা যা  পিপিআর ২০২৫ এ সংযোজন করা হয়েছে। এটা পূর্ববর্তী +/- ১০% পদ্ধতিকে প্রতিস্থাপিত করবে। এখানে বেশ জটিল একটি ফর্মূলা দেয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে কমমূল্যের দরপত্র নির্নয় করার জন্য। মূল্যায়ন পর্যায়ে যেসব দরপত্র উল্লেখযোগ্যভাবে কমমূল্যের দরপত্র হিসাবে বিবেচিত হবে সেগুলো অগ্রহণযোগ্য () হবে। এর ফলে কমমূল্যে কাজ নেয়ার প্রবনতা কমবে। তবে এতে করে সরকারের খরচ বেড়ে যাবে। পণ্য ক্রয়ের জন্য এই ধারনা কতটা বাস্তবসম্মত সে প্রশ্ন থেকে যায়। বিধি ১১৮ এর উপবিধি ২৫, ২৬ এবং তফসিল ১৮ এ SLT এর বিষয়টি উদাহরনসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

৬)  নতুন কমিটিঃ পিপিআর ২০২৫ এ নতুন কয়েকটি কমিটি প্রস্তাব করা হয়েছে। যেমনঃ ভেরিয়েশন প্রতিপাদন কমিটি (Variation assessment committee) [বিধি ১৫], কারিগরী পরীক্ষন ও গ্রহণ কমিটি (Technical examination and acceptance committee) [বিধি ১৬], চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি (Contract termination review committee) [বিধি ১৭], বারিতকরণ প্রস্তাব পর্যালোচনা কমিটি (Debarment review committee) [বিধি ১৮] ইত্যাদি। 

৭)  টেকসই সরকারী ক্রয় (Sustainable public procurement): বিধি ২(২০) এ নতুন সংজ্ঞা যুক্ত করা হয়েছে।  টেকসই ক্রয়ের ক্ষেত্রে বিচার্য বিষয় বিধি ৬ এ বর্নিত হয়েছে। উক্তা বিধি অনুযায়ী বিপিপিএ কর্তৃক টেকসই ক্রয় নীতিমালা (Sustainable public procurement policy) প্রণয়ন করা হবে। 

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ বাংলাদেশের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করবে। সরকারি অর্থ ব্যায়ের ক্ষেত্রে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করবে। সরকারি অর্থের সঠিক ব্যাবহার নিশ্চিত করবে। 

 

 

 

 

 

 

Friday, 12 September 2025

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর প্রস্তাবিত সংশোধনীর বিশ্লেষন

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে। উক্ত প্রস্তাবিত সংশোধনীসমূহের কিছু গুরুত্বপূর্ন বিষয়ে নিম্নে বিশ্লেষনসহ আলোকপাত করা হলোঃ 

  1.  এখানে এতো বেশি সংশোধন প্রস্তাব করা হয়েছে যে এটা সংশোধন হিসাবে জারী না করে বরং সম্পূর্ণ নতুন বিধিমালা হিসাবে জারী করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কাজেই "পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮" বাতিলপূর্বক "পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫" জারী করা যেতে পারে।
  2.  বিধি ৪ এ নতুন উপবিধি ১৪ সংযোজন করে কোনো বিশেষ ক্রয়ের জন্য বিপিপিএ কর্তৃক প্রকাশিত আদর্শ দলিল না থাকলে উন্নয়ন সহযোগী বা বিদেশী সংস্থার আদর্শ দলিল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এটা নিঃসন্দেহে  ভালো প্রস্তাব। তবে শুধু আন্তর্জাতিক কেন? দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক প্রনীত আদর্শ দলিল কেন ব্যবহারের অনুমতি দেয়া যাবে না? দেশীয়  মানেই খারাপ এই মানসিকতা থেকে আমাদের বের হতে হবে।
  3. বিধি ৫ এর উপ-বিধি ৪ সংশোধন করে ১৮ মাসের বেশী সময়ের চুক্তির ক্ষেত্রে "মূল্য সমন্বয়" (Price Adjustment) এর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। আগে মূল্য সমন্বয়ের বিষয়টি ঐচ্ছিক ছিল এবং অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে এর প্রয়োগ নেই বললেই চলে, যদিও আন্তর্জাতিক ক্রয়ে সাধারনতঃ এরুপ শর্ত থাকে। এতে দীর্ঘ মেয়াদী চুক্তির ক্ষেত্রে ঠিকাদারগণের ঝুঁকি বেশ খানিকটা কমবে। এতে ঠিকাদারগণ আরও কম দর প্রস্তাব দেয়ার জন্য উৎসাহিত হবে। 
    প্রস্তাবিত বিধিতে ১৮ মাসের কম সময়ের চুক্তির ক্ষেত্রেও 
    মূল্য সমন্বয়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে য আগে ছিল না। এটি ভালো প্রস্তাব। কারন পেট্রোলিয়াম জাতীয় পণ্য, কৃষি পণ্য কিংবা আকরিক ধাতু ক্রয়ের ক্ষেত্রে স্বল্প মেয়াদী চুক্তির ক্ষেত্রেও মূল্য সমন্বয়ের সুযোগ থাকা প্রয়োজন। 
  4. বিধি ৮ এর উপবিধি ২ সংশোধন করে মূল্যায়ন কমিটিতে সরকারি ক্রয় বিষয়ে প্রশিক্ষনপ্রাপ্ত কর্মকর্তাগণকে অগ্রাধিকার প্রদানের কথা বলা হয়েছে। কিন্তু পদবীর ভিত্তিতে কমিটির সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে প্রশিক্ষনপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ সীমিত হয়ে যাবে। কারণ ঐ পদে যিনি থাকবেন তিনি পদাধিকার বলে সদস্য হয়ে যাবেন যায় প্রশিক্ষন নাও থাকতে পারে। নির্দিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্তির সুযোগ থাকা উচিৎ। 
  5. বিধি ৮ এর উপবিধি ১৫ ও ১৬ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে দরপত্র মূল্যায়ন কমিটি,  দরপত্র উন্মুক্তকরন কমিটি এবং কারিগরী সাব-কমিটি এর সম্মানী বিলুপ্ত হবে। এটা করা হলে প্রকল্প বাস্তবায়ন কমিটি (PIC) এবং প্রকল্প স্টিয়ারিং কমিটি (PSC) এর সম্মানীও বিলুপ্ত করা উচিৎ। তবে কমিটির বহিঃ সদস্যগণের জন্য সম্মানী বহাল রাখা যেতে পারে।
  6. বিধি ১৫ এ ক্রয় পরিকল্পনার (Procurement Plan) পাশাপাশি ক্রয় কৌশল (Procurement Strategy) অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। 
  7. বিধি ৩৮ এ সাতটি নতুন উপবিধি যোগ করার প্রস্তাব দেয়া হয়েছে। উল্লেখযোগ্য সংযোজন নিম্নরুপঃ 
    1.  নতুন উপবিধি ১৬ অনুযায়ী সকল ধরনের চুক্তির ক্ষেত্রে "ক্রয়চুক্তি বাস্তবায়ন পরীক্ষন ও গ্রহন কমিটি" গঠনের প্রস্তাব করা হয়েছে। এটা একটা যুগোপযুগী প্রস্তাব। এতে প্রকল্প বাস্তবায়নের গুনগতমান বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রকল্প পরিচালকের ক্ষমতার স্বেচ্ছাচারী ব্যবহারে লাগাম টানা যাবে। 
    2. নতুন উপবিধি ১৭ অনুযায়ী আয়কর, ভ্যাট ইত্যাদী পরিবর্তন হলে চুক্তি সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। এতে ঠিকাদারগণের ঝুঁকি বেশ খানিকটা কমবে। এতে ঠিকাদারগণ আরও কম দর প্রস্তাব দেয়ার জন্য উৎসাহিত হবে। 
    3. নতুন উপবিধি ২০ অনুযায়ী ক্রয়কারী কার্যালয় প্রধানের উপরের ধাপে চুক্তি অনুমোদিত হলে ক্রয়কারী কার্যালয় প্রধান সিমীত পরিসরে ভেরিয়েশন অর্ডার অনুমোদন করার ক্ষমতা প্রদান করার প্রস্তাব হয়েছে। এটি ভালো সংযোজন। এতে প্রকল্প বাস্তবায়ন তরান্বিত হবে। তবে ক্রয়কারী কার্যালয় প্রধান কিংবা তার নীচের ধাপে যেসব দরপত্র অনুমোদিত হয়, সেগুলোর ক্ষেত্রেও ভেরিয়েশন অর্ডার অনুমোদন আরো সহজতর করা যেতে পারে। এতে এতে প্রকল্প বাস্তবায়ন গতিশীল হবে।
  8. বিধি ৩৯ এর পর তিনটি নতুন বিধি যোগ করা হয়েছেঃ ৩৯ক, ৩৯খ, ৩৯গ। এগুলো ভেরিয়েশন অর্ডার সম্পর্কিত। এই তিনটি নূতন বিধি এমনভাবে লেখা উচিৎ যেন উহা কার্য, পণ্য, সেবা সকল ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যেমনঃ ঠিকাদার শব্দের পরিবর্তে "ইকোনোমিক অপারেটর" ব্যবহার করা উচিৎ।
  9.  বিধি ৪০ এর পর একটি নতুন বিধি ৪০ক যোগ করার প্রস্তাব দেয়া হয়েছে। এই বিধির ১(খ) উপ-বিধি অনুয়ায়ী, পণ্যের অতিরিক্ত সরবরাহ আদেশ জারীর ক্ষেত্রে মূল চুক্তি বহির্ভূত কোনো আইটেম ক্রয় করা যাবে না। এটা খুব বেশি কঠোর হয়ে যাচ্ছে। মূল চুক্তির সর্বোচ্চ ১% পর্যন্ত নতুন আইটেম গ্রহণযোগ্য হতে পারে। 
  10.  বিধি ৪১ এর উপ-বিধি ১ এর পরে নতুন একটি উপ-বিধি (১ক) যোগ করার প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবিত এই উপ-বিধি অনুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠানের কর্মী (বিশেষজ্ঞ) পরিবরতনের ক্ষেত্রে সমতুল্য কিংবা অধিকতর যোগ্যতাসম্পন্ন হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু এটা সব সময় প্রতিপালন সম্ভব নয়। তাই এতো কঠোর বিধি যুক্তিযুক্ত নয়। যেমনঃ 
    ১) দেশের সবচেয়ে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে যদি বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ দেয়া হয়, তাঁর প্রতিস্থাপন কিভাবে হবে? 
    ২) প্রকল্পের শেষের দিকে প্রতিস্থাপন প্রয়োজন হলে যোগ্যাতাসম্পন্ন কেউ আসতে চান না, যেহেতু খুব স্বল্প সময়ের চাকরি। তখন জুনয়র কাউকে নেয়া ছাড়া উপায় থাকে না। 
    কাজেই এই বিষয়টি বিধিতে না এনে বরং চুক্তিতে যথাযথভাবে উল্লেখ থাকতে পারে।
  11.  ভৌত সেবা চুক্তি ব্যবস্থাপনা সংক্রান্ত একটি নতুন বিধি ৪১ক যোগ করার প্রস্তাব করা হয়েছে। এই বিধির উপ-বিধি ৪ অনুযায়ী আনুপাতিক হারে প্রদত্ত অগ্রীম আদায় করার কথা বলা হয়েছে। এভাবে কর্তন করলে শতভাব অগ্রগতি না হওয়া পর্যন্ত প্রদত্ত অগ্রীম সম্পূর্ণ আদায় হবে না। "আনুপাতিক হারে" এর পরিবর্তে "চুক্তির শর্ত অনুযায়ী" অধিকতর যুক্তিযুক্ত হবে। কারণ অগ্রীম সাধারণত বেশি হারে কাটা হয় যেন ৭০%-৯০% অগ্রগতি হলেই পুরো অগ্রীম আদায় হয়ে যায়।
  12. সরাসরি ক্রয়ের জন্য বিধি ৭৬ এর উপ-বিধি ১ এর দফা (ট) সংশোধন করে শুধু ক্রয়কারীর কার্য এলাকা হতে ভৌত সেবা ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। এতে বরং জটিলতা বাড়বে। 
    "ক্রয়কারীর কার্য এলাকায়" এরূপ শর্ত দেয়া হলে, উপজেলার একজন ক্রয়কারী পাশের উপজেলা থেকে ভৌত সেবা নিতে পারবেন না। কিন্তু ঐ সেবাটি হয়তো পাশের উপজেলায় থাকলেও নিজের উপজেলায় নাও থাকতে পারে। 
    আবার ইউনিয়ন পর্যায়ের একজন ক্রয়কারীর কার্য এলাকা তার নিজের ইউনিয়ন ধরা হলে তিনি এই বিধির তেমন কোনো ব্যবহার হয়তো তিনি করতে পারবেন না। 
    "কার্য এলাকা" নির্ধারণে জটিলতা তৈরি হবে।

  এবারের সংশোধনী প্রস্তাবসমূহ বাস্তবায়ন করা হলে বাংলাদেশের সরকারি ক্রয়ের পরিবেশে অনেক পরিবর্তন আসবে। প্রকল্প বাস্তবায়নে অনেক জটিলতার অবসান হবে বলে আশা করা যায়। তাছাড়া প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। তাই যত দ্রুত সম্ভব পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ সংশোধন করা উচিৎ। 

 

Friday, 9 May 2025

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

সরকার পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর সংশোধন করার লক্ষ্যে বিগত ৪ঠা মে, ২০২৫ খ্রিঃ তারিখে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারী করেছে। এই সংশোধনীর উল্লেখযোগ্য বৈশিষ্টসমূহ নিম্নরুপঃ
১) টেকসই ক্রয় (Sustainable Procurement): এই আইনের প্রস্তাবনায় “টেকসই ক্রয়” যুক্ত করা হয়েছে। তাছাড়া, সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় টেকসই ক্রয় সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে। উদাহরনস্বারুপ, আইনের ধারা ২(৯ক) এ ‘ক্রয় কৌশল’ সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে টেকসইতা অন্তর্ভূক্ত করা হয়েছে;  ২(৯খ) এ ‘টেকসই সরকারি ক্রয়’ এর সংজ্ঞা যুক্ত করা হয়েছে। তাছাড়া, আইনের ধারা ১৬ প্রতিস্থাপন করে ‘টেকসই ক্রয়ের ক্ষেত্রে বিচার্য বিষয়’ যুক্ত করা হয়েছে।
২) সম্পত্তি নিষ্পত্তি: ধারা ২(১৪ক) এ ‘নিষ্পত্তি’ শিরোনামে একটি নতুন সংজ্ঞা যুক্ত করা হয়েছে। তবে এই সংজ্ঞাটি কোথাও ব্যবহার হয়নি মর্মে প্রতীয়মান। এই সংজ্ঞা থেকে মনে হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় সরকারি সম্পত্তি বিক্রির বিষয়টি অন্তর্ভূক্ত করা হবে। সেক্ষেত্রে এই সংজ্ঞাটি শুধু ‘নিষ্পত্তি’ এর পরিবর্তে ‘সম্পত্তি নিষ্পত্তি’ হিসাবে অভিহিত করলে ভালো হতো, কারন ‘নিষ্পত্তি’ শব্দটি অন্য অর্থে বিভিন্ন বিধিতে ব্যবহার করা হয়েছে।
৩) ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট: নতুন সংজ্ঞা অনুযায়ী কার্য ও সেবা ক্রয়ের জন্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করা যাবে যা পূর্বে শুধু পণ্যের জন্য ছিল।
৪) “ব্যক্তি”:  ব্যক্তি এর সংজ্ঞায় “বেসরকারি সংস্থা (এনজিও)” অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে এই সংজ্ঞায় “অথবা অনুরুপ কোনো প্রতিষ্ঠান” যোগ করা অধিকতর যুক্তিযুক্ত হতো। সেক্ষেত্রে ভবিষ্যতে নতুন কোনো ধরনের প্রতিষ্ঠান আবির্ভাব হলেও এই সংজ্ঞা পরিবর্তন প্রয়োজন হতো না।
৫) ভৌত সেবা: ভৌত সেবাকে নতুন প্রকিউরমেন্ট ধরন হিসাবে বিবেচনা করে এই ধরনের ঠিকাদারকে “সেবা প্রদানকারী” হিসাবে ধারা ২(৩৮) – এ সংজ্ঞায়িত করা হয়েছে।
৬) দূতাবাসের জন্য বিশেষ বিধান: বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস প্রয়োজনে ঐ দেশের আইন কিংবা আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরণ করে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে মর্মে আইনের ধারা ২ এ নতুন একটি উপ-ধারা সংযোজন করা হয়েছে।
৭) আদর্শ দলিল: ধারা ১২ এ একটি উপ-ধারা সংযোজন করা হয়েছে। এই উপ-ধারা অনুযায়ী বিপিপিএ কোনো বিশেষ ক্রয় কার্যের জন্য আদর্শ দলিল প্রকাশ না করলে কোনো আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রকাশিত দলিল ব্যবহার করা যাবে।
৮) সীমিত দরপত্র: ধারা ১৯(১ক) বিলুপ্ত করা হয়েছে যেখানে উল্লেখ ছিল যে, সীমিত দরপত্রের ক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলেন ৫% এর কম বা বেশী দর উদ্ধৃত করা হলে দরপত্র বাতিল হবে। উক্ত ধারার পরিবর্তে ধারা ৩২(ক)(ই) –এ উল্লেখ করা হয়েছে যে, বিধি দ্বারা নির্ধারিত শতকরা হারের কম বা বেশী দর উদ্ধৃত করা হলে দরপত্র বাতিল হবে।
৯) কোটেশন: ধারা ৩২(১)(ঘ) অনুযায়ী পণ্য বা ভৌত সেবা ক্রয়ের জন্য কোটেশন পদ্ধতি ব্যবহার করা যেত, যদিও সিপিটিইউ কোটেশনের মাধ্যমে কার্য ক্রয়ের জন্য PW1 আদর্শ দলিল অনেক আগেই প্রকাশ করেছে এবং স্বল্প মূল্যের কার্য ক্রয়ের জন্য কোটেশন পদ্ধতি বহুল ব্যবহৃত। এখন এই ধারা সংশোধন করে কোটেশন পদ্ধতিতে কার্য ক্রয় অন্তর্ভূক্ত করা হয়েছে।
১০) বিপরীত নিলাম (Reverse auction): ধারা ৩২(১) এ নতুন একটি দফা সংযোজন করে বিপরীত নিলামের মাধ্যমে ক্রয় কার্য সম্পাদনের ব্যবস্থা করা হয়েছে।
১১) যৌথ উদ্যোগের অংশীদার: ধারা ৩৯(২) সংশোধন করে সরকারের নিজস্ব অর্থে তথ্যপ্রযুক্তিগত সেবা ক্রয়ের ক্ষেত্রে, কোনো বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহন করতে চাইলে স্থানীয় প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগ (Joint venture) বাধ্যতামূলক করা হয়েছে।
১২) নিগোসিয়েশন: ধারা ৪৯(১) সংশোধন করে ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে ক্রয়তব্য সেবার কারিগরি, আর্থিক, কর্ম সম্পাদন পরিকল্পনা ইত্যাদি বিষয়ে নিগোসিয়েশন করার সুযোগ তৈরি করা হয়েছে। বিশেষভাবে লক্ষ্যনীয় যে, এখানে আর্থিক বিষয়ে নিগোসিয়েশন করার সুযোগ তৈরি করা হয়েছে।
১৩) ই-জিপি: ধারা ৬৫(১) সংশোধন করে সকল দরপত্র ই-জিপি পোর্টালের মাধ্যমে করা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যতিক্রমী ক্ষেত্রে বিপিপিএ –এর অনুমোদনক্রমে অফ-লাইন দরপত্র আহ্বান করা যাবে।
১৪) ১০% কম/বেশি বাতিলঃ পূর্ববর্তী ধারা ৩১(৩) অনুযায়ী কার্য ক্রয়ের উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলনের চেয়ে ১০% কম বা বেশি উদ্ধৃত মূল্যের দরপত্র বাতিল বলে গণ্য হতো। ধারা ৩১ সম্পূর্ন প্রতিস্থাপন করা হয়েছে এবং ৩১(৩) এর বিধান বিলুপ্ত করা হয়েছে। ফলে এখন দাপ্তরিক প্রাক্কলনের চেয়ে ১০% কম বা বেশি উদ্ধৃত মূল্যের দরপত্র গ্রহনযোগ্য হবে।
উল্লেখ্য যে, এই সংশোধনী এখনই কার্যকর হচ্ছে না। সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে এই সংশোধনীসমূহ সেই তারিখ হতে কার্যকর হবে। এটা সহজেই অনুমেয় যে, এই সংশোধনীসমূহের সাথে সামঞ্জস্য রেখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর প্রয়োজনীয় সংশোধন করা হবে এবং তখন উভয় সংশোধনী একসাথে কার্যকর করা হবে।

পিপিআর ২০২৫ অনুযায়ী ক্রয় কমিটিসমূহ

 পিপিআর ২০২৫ অনুযায়ী বিভিন্ন ক্রয় কমিটিসমূহ    পিপিআর ২০২৫ এ বিভিন্ন উদ্দেশ্যে অনেকগুলো কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। এই কমিটিগুলোকে একত্রে...

See the most popular posts on public procurement of Bangladesh: